নাঙ্গলকোটের মৌকারা ইউপি যুবলীগ সভাপতি সার্ভেয়ার হারেছ মিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক অপহূত হয়ে ৮০ হাজার টাকায় মুক্তিপণে ছেড়ে আসার পর ফের তাকে অপহরণ করে হত্যার হুমকি দিচ্ছে। এব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরী করেছেন।
উপজেলার মৌকারা ইউপি যুবলীগ সভাপতি একই ইউপির নারুয়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে সার্ভেয়ার হারেছ মিয়াকে জমি পরিমাপের জন্য ১৮ জুলাই ওই ইউপির ময়ুরা গ্রামের আবুল কালাম কুমিল্লায় নিয়ে যায়। সেখান থেকে একটি সংঘবদ্ধ চক্র তাকে কৌশলে শশীদলস্থ ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন করে। হারেছের মামা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৮০ হাজার টাকা পরিশোধ করলে তারা তাকে ছেড়ে দেয়। অপহরণের ঘটনায় হারেছের মামা মুক্তার হোসেন বাদি হয়ে চার জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এলাকাবাসী অপহরণ চক্রের সদস্য আবুল কালামকে আটক করে থানা পুলিশে সোপর্দ করলেও পুলিশ অপর আসামিদের এখনো ধরতে পারেনি। আসামিরা হারেছকে আবারো অপহরণ করে হত্যার হুমকি দিচ্ছে।
