আদম বেপারীর খপ্পরে পরে সর্বস্বান্ত হয়েছেন গৌরনদীর ৪ বেকার যুবক। পরিবারের অভাব-অনটন মেটাতে অধিক বেতনে ব্রুনাই যাওয়ার আশায় তারা প্রত্যেকে ধারদেনা করে আদম বেপারীর হাতে তুলে দিয়েছিলেন সাড়ে তিন লাখ টাকা। কিন্ত সেখানে গিয়ে তারা প্রতারিত হয়ে শূন্য হাতে দেশে ফিরে আসেন।
অভিযোগে জানা গেছে, গৌরনদীর দঃ পালরদী গ্রামের কদম আলী হাওলাদারের পুত্র সেলিম, কাসেমাবাদ গ্রামের রশিদ বেপারীর পুত্র মুরাদ বেপারী, বোরাদী গরংগল গ্রামের মোসলেম ঘরামীর পুত্র আবুল ঘরামী ও কালকিনি উপজেলার পূর্বচর কয়ারিয়া গ্রামের মোসলেম বয়াতির পুত্র মোজাম্মেল হককে ব্রুনাই পাঠিয়েছিল গৌরনদীর বোরাদী গরংগল গ্রামের বাদল সরদার নামে এত আদম বেপারী। কিন্তু সেখানে নেয়ার পর আদম বেপারী বাদল তাদের পাসপোর্ট টিকেট হাতিয়ে নিয়ে ব্রুনায়ের একটি পাহাড়ি এলাকার গভীর জঙ্গলে ফেলে রেখে সে গোপনে দেশে চলে আসে। ফলে মহাবিপাকে পড়েন ওই ৪ যুবক। আদম বেপারীর প্রতারণার শিকার হয়ে মাত্র ২ মাস ১১ দিন পর শূন্য হাতে দেশে ফিরে আসেন ওই ৪ যুবক। এদিকে প্রতারক আদম বেপারী বাড়ি ছেড়ে পালিয়েছে। তাই নিরুপায় হয়ে বিচারের আশায় প্রতারিত ৪ যুবক আজ দ্বারে দ্বারে ঘুরছেন।
গত বুধবার প্রতারিত ৪ যুবক গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। তারা জানান, ব্রুনাইতে মাসিক ৩৬ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়েছিল গৌরনদীর গিয়াস উদ্দিন সরদারের পুত্র বাদল সরদার। বাদল ব্রুনাইতে চাকরি করতো। সে সুবাদে সে আদম ব্যবসা শুরু করে। ৪ যুবক বাদলের কথামতো প্রত্যেকে সাড়ে তিন লাখ টাকা তুলে দেন তার বাবা গিয়াস উদ্দিনের হাতে। গত ১৪ মে মাত্র ১৫ দিনের ভ্রমণ ভিসায় তাদের ব্রুনাই পাঠানো হয়। সেখানে পৌঁছার পর তারা ওঠেন আদম বেপারী বাদলের বাসায়। বাদল কৌশলে তাদের পাসপোর্ট ও টিকেট হাতিয়ে নিয়ে তাদের ফেলে যায় ব্রুনাইয়ের পাহাড়ি এলাকার এক গভীর অরণ্যে। পরে তারা ব্রুনাই প্রবাসী গৌরনদীর নূর হোসেন তালুকদারের সহায়তায় গত ২৬ জুলাই দেশে ফিরে আসেন।
