বিভাগীয় শহর সিলেটে পরীক্ষামূলকভাবে থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। সিলেট সিটি কর্পোরেশনের পাঁচটি এলাকায় বৃহস্পতিবার থেকে টেলিটক থ্রিজি নেটওয়ার্ক পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ইত্তেফাককে বলেন, বুধবার রাত থেকে সিলেটের পাঁচটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই সার্ভিস চালু হয়েছে। ৪০ টি বেস ট্রানসিভার স্টেশন বা বিটিএসের মাধ্যমে এই সেবা চালু হবে। তিনি বলেন, ঈদের আগে ২৯টি বিটিএসে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগ থ্রিজির আওতায় আনার কথা জানিয়েছিলেন টেলিটকের কর্মকর্তারা। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধু ঢাকায় থ্রিজি সেবা শুরু করে।
