ময়মনসিংহে ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ৪

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:২৩
ময়মনসিংহ শহরের কেওয়াটখালি বাইপাস সড়কের লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার বিকালে ঢাকাগামী আন্ত:নগর কমিউটার এক্সপ্রেসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন চালক দেলোয়ার হোসেন ও পথচারীসহ অন্তত ৪ জন আহত হয়েছে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ রেল পরিবহন পরিদর্শক হামিদুর ইসলাম জানান, ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাত্ বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত না হলেও একটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারনে বিকাল ৪ টা ৪০ মিনিট থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আন্ত:নগর তিস্তা ও বলাকা আটকা পড়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আবু তাহের জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রাকটি সরিয়ে ট্রেন যোগাযোগ চালুর চেষ্টা চলছে।