রামুর নবনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শনে মেজর জেনারেল সাব্বির

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:২৩
জেলার রামুতে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সহিংসতায় ক্ষতিগ্রস্ত নবনির্মিত বৌদ্ধ বিহার বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল¬াহ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা গতকাল বৃহস্পতিবার সকালে রামুতে এসে প্রথমে পাহাড় চূড়ায় নির্মিত উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে যান। পরে তারা রামু মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ চিং ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে এসে বিহারগুলো উদ্বোধনের কথা রয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা যায়। পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ৬৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার আশরাফুল কাদের চৌধুরী, ১৭ ইসিবি কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান, ৫৭ ইস্টবেঙ্গল রামু গ্যারিসনের অধিনায়ক লে. কর্ণেল জায়েদ হোসেন, কক্সবাজার পুলিশ সুপার মো. আজাদ মিয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।