তোমাদের জীবন সাধারণের মতো নয়

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৪৩
বাবা-মায়ের সাথে প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউসে ভালই দিন কাটছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই কন্যা মালিয়া ও শাশার। কিন্তু এখানে যে পরিবেশে তারা বেড়ে উঠছে তা ‘আদর্শ জীবন’ নয়। বারাক ওবামা ও মিশেল ওবামা তাদের কন্যাদের বার বার এটি স্মরণ করিয়ে দিচ্ছেন। খবর এনডিটিভির। ইন্টারনেটে আমাজনের কিন্ডল সিঙ্গেলস প্রকাশিত এক সাক্ষাত্কারে ওবামা বলেন, তারা বার বার তাদের কন্যাদের মনে করিয়ে দিচ্ছেন যে, তারা হোয়াইট হাউসে যে পরিবেশে আছে তা ‘কিছুটা অবাস্তব পরিবেশ’। ওবামা দুঃখ প্রকাশ করে বলেন, ভোগ ও সেলিব্রিটি জীবনধারার সংস্কৃতির দিকে মনোযোগ চলে যাচ্ছে। তাদের সময়কার ছেলেমেয়েরা প্রতিদিন সেলিব্রেটিদের জীবনধারা অনুসরণ করতো না। তার কন্যা মালিয়া ও শাশার উদ্দেশ্যে বলেন, তাদের পরিবারের অনেক সদস্য মধ্যবিত্ত এমনকি দরিদ্র সদস্যও আছে। তাই অন্যদের জীবন সংগ্রাম তাদের লক্ষ্য করা উচিত এবং এটি তাদের ‘আদর্শ জীবন’ নয়।