বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি’র বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সালাহউদ্দিন কাদেরের আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি বলেন, ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের রাজনীতিতে জড়িত ছিলেন না। শুধু উত্তরাধিকার কারণেই তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী বলেন, যুক্তিতর্কে আসামি পক্ষ দুটি বিষয়ে জোর দেবে। একটি হলো তিনি সে সময় দেশে ছিলেন না। অন্যটি হলো কোনো অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, সালাহউদ্দিন কাদেরের অপরাধের জন্য ১৯৭৯ সাল থেকে চট্টগ্রামের মানুষ তার বিচার করছে। এ কারণে গত ৩৩ বছর ধরে তিনি নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপক্ষ বলছে, নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ডে সালাহউদ্দিন কাদের জড়িত ছিলেন। কিন্তু সেই নূতন চন্দ্রের ছেলে প্রফুল্ল চন্দ্রদের ভোট কেন্দ্রে সালাহউদ্দিন কাদের কখনো হারেননি। এ কথা বিশ্বাসযোগ্য হলে জনগণ কি তাকে ভোট দিতো।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণে গল্পের শেষ নেই। তারা বলছে, ছমিরের বাড়িতে সালাহউদ্দিন কাদের গাড়ি চালিয়ে যান। আসার সময় গাড়িয়ে চালিয়ে আনেন তার চালক। তাহলে যাওয়ার সময় তার চালক কোথায় ছিলেন। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা যুক্তিতর্কে আবেগতাড়িত হয়ে কথা বলেছেন। কিন্তু বিচারে আবেগের কোনো স্থান নেই। পরে অসুস্থতাজনিত কারণে আগামী সোমবার পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন জানান তিনি। তবে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম আগামী রবিবার পর্যন্ত মুলতবি করেছেন।
