আজ রমযানের শেষ শুক্রবার, আন্তর্জাতিক পবিত্র আল-কুদস দিবস। মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে ইহুদীদের দখলে। বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারের দাবিতে প্রতি বছর রমযানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক আল-কুদস দিবস’। ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনা মোনাওয়ারার পরেই বায়তুল মুকাদ্দাসের স্থান। হাদিসে বর্ণিত রয়েছে যে হযরত রাসূলে করীম (সা.) মক্কার মসজিদুল হারাম, মদীনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসাবে উল্লেখ করেছেন যা অন্য কোন মসজিদ সম্পর্কে করেননি। বায়তুল মুকাদ্দাস থেকেই মহানবী (সা.) মিরাজে গিয়েছিলেন। বায়তুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশেপাশের এলাকা অনেক নবীর স্মৃতি বিজড়িত। এই পবিত্র নাম শুধু একটি স্থানের সাথে জড়িত নয় বরং এই নাম সকল মুসলমানের ঈমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে রয়েছে অসংখ্য নবী-রাসূলের পবিত্র মাযার শরীফ। ওহী ও ইসলামের অবতরণ স্থল এ নগরী নবীদের দ্বীন প্রচারের কেন্দ্র ভূমি।
আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে আল-কুদস কমিটি বাংলাদেশ-আজ শুক্রবার সকাল ১১ টায় সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে একটি সেমিনার আয়োজন করেছে। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের প্রত্যেক মসজিদে আজকের দিনে জুমার নামাজের পর বিশেষ মোনাজাত করা হবে।
