গার্ডিয়ানের প্রতিবেদন

হেফাজতে ইসলামের আড়ালে কট্টর মুসলিমরা সংগঠিত হচ্ছে

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৫১
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সাপ্তাহিক ম্যাগাজিন গার্ডিয়ান উইকলি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের আড়ালে কট্টর মুসলিমরা সংগঠিত হচ্ছে। ২০১০ সালে শাহ আহমদ শফীর নেতৃত্বে আত্মপ্রকাশ করা এ আন্দোলন শক্তিশালী হওয়ায় সরকার এখন সতর্কতা অবলম্বন করছে। গত মঙ্গলবার গার্ডিয়ান উইকলির প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জুলিয়েন বোসোউ’র লেখা প্রতিবেদনটিতে বলা হয়, গত ৫ মে আহমদ শফীর আহবানে ১৩ দফা দাবি বাস্তবায়নে রাজধানী ঢাকায় পাঁচ লাখের বেশি মানুষ জড়ো হয়। সে সময় সংগঠিত সহিংসতায় ৫০ জনের বেশি লোক নিহত হয়। আরো কয়েকজন নেতা গ্রেফতার হয়। তখন থেকে প্রত্যাঘাতের হেফাজত গণমাধ্যম এড়িয়ে চলছে। আর হেফাজত শক্তিশালী হয়ে ওঠায় সরকারও কঠোর সতর্কতা অবলম্বন করছে। যদিও আহমদ শফীর বক্তব্য তারা রাজনীতিতে আগ্রহী নন। বরং মহত্ ধর্মীয় আন্দোলনই আমাদের লক্ষ্য। প্রতিবেদনে আরো বলা হয়, হেফাজতের আত্মপ্রকাশের পর গত এপ্রিলে তারা ঢাকায় বড় সমাবেশ করে। ইসলাম নিয়ে কয়েকজন ব্লগারের কটুক্তির প্রতিবাদে শাস্তির দাবি জানিয়ে ১৩ দফা দাবিতে তারা বিক্ষোভ করে। হেফাজতের মহাসচিবের দাবি ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজহারের মতে, হেফাজতের আন্দোলনে সন্ত্রাসী কোনো কার্যকলাপ নেই। তবে তাদের মূলধারার বাইরে বাইরে রাখলে আরো বেশি কট্টর হয়ে উঠতে পারে।