আজ ২৩ রমজান ও রজমানের চতুর্থ জুম’আ। যদি রমজান ২৯শে শেষ হয়। তাহলে আজ জুমাতুল বিদা । আর যদি ৩০শে হয় তাহলে আগামী জুম’আই পবিত্র জুমাতুল বিদা। আজ সকল মসজিদে জুম’আর খুত্বায় লাইলাতুল কদর, সদকায়ে ফিতর ও বিদায় রমজানের ওপর আলোচনা পেশ করা হবে। যারা রোজা পালন করছেন। তাদের জন্য পরনিন্দা ও মিথ্যা বলা অবৈধ। সিয়াম পালন করা অবস্থায় পেট খালী থাকে বলে কোন কোন সিয়াম পালনকারীদের মধ্যে আলস্য ভাব দেখা দেয়। তখন তাঁরা কখনো বিভিন্ন গল্প-গুজবে মত্ত হয় এবং ঐ গল্পের মধ্যে কখনো সে কারো নিন্দা করে ফেলে এবং মিথ্যাও বলে। তাই এরূপ সিয়াম পালনকারী সম্পর্কে মহানবী (স.) বলেন: যুদ্ধের জন্য তোমাদের কারো যেমন ঢাল থাকে তেমনি সিয়ামও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ (নাসাঈ ১ম খণ্ড- ২৪১ পৃ:)।
নবী (স.) বলেন, সিয়াম ঢালস্বরূপ যতক্ষণ না তাকে মিথ্যা কিংবা পরনিন্দা দ্বারা ভেঙ্গে ফেলা হয় (তাবারানী আওসাত, জামে সগীর- ২য় খণ্ড- ৫১ পৃ:)।
ইবনে আব্বাস (রা.) বলেন, একবার দু’জন লোক জোহর কিংবা আসরের নামাজ পড়ল। তারা দু’জনই সিয়াম পালনকারী ছিল। যখন নামাজ শেষ করলেন তখন নবী (স.) ঐ দু’জনকে বললেন, তোমরা পুনরায় ওযু কর ও নামাজ আবার পড় এবং রোজা এখনও চালিয়ে যাও। কিন্তু অন্য দিনে এ সিয়াম দু’টি কাযা করে দিও। তারা বললেন কেন, হে আল্লাহর রসূল (স.)? তিনি (স.) বললেন: তোমরা অমুকের গীবত ও নিন্দা করেছ (তাই এ শাস্তি) (বায়হাকীর শুআবুল ঈমান, মিশকাত-৪১৫ পৃ:)। উক্ত হাদীসগুলো প্রমাণ করে যে, রোজা অবস্থায় পরনিন্দা ও মিথ্যা কথা বললে রোজা নষ্ট হতে পারে। এ জন্য অন্য হাদীসে নবী (স.) বলেন: যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও অশ্লীল কাজ করা ছাড়লো না তার খাওয়া ও পান ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজনই নেই (বুখারী, ২৫৫ পৃ:, তিরমিযী ১ম খণ্ড- ৮৯ পৃ:, আবু দাউদ-১ ইবনে মাজা, মিশকাত, বুলুগুল মারাম ইবনে খুযায়মা)।
এজন্য আর এক হাদীসে রসূল (স.) বলেন: অনেক রোজা পালনকারী এমন আছে যার রোজা দ্বারা পিপাসিত হওয়া ছাড়া আর কিছুই হয় না এবং অনেক রাতের সালাত আদায়কারী এমন আছে যাদের রাতে সালাতে দাঁড়ানো দ্বারা কেবল রাত জাগা ছাড়া আর কিছুই হয় না (দারেমী, মিশকাত ১৭৭ পৃ:)। অপর দিকে সিয়াম অবস্থায় পরনিন্দা না করার ভাল সম্পর্কে এক তাবেঈ আবুল আলিয়াহ (রহ.) বলেন, সিয়াম পালনকারী ততক্ষণ ইবাদাতের মধ্যে থাকে যতক্ষণ সে কারো গীবত না করে। যদিও সে তার বিছানায় ঘুমিয়ে থাকে।
রসূলুল্লাহ (স.)-এর স্ত্রী হাফসাও (রা.) বলতেন, (রোজা) কী সুন্দর ইবাদাত! অথচ আমি (পরনিন্দা না করে) বিছানায় ঘুমিয়ে থাকি (সুমান্নাফ আব্দুর রাযযাক, ৪র্থ খণ্ড, ৩০৭ পৃ:)। (এখানে সারাদিন ঘুমানোর কথা বলা হয়নি)।
সুতরাং আজকের এই জুম’আর দিবসে কায়মনোবক্যে প্রভুর দরবারে আমরা এই প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদের বিগত রোজাগুলোর ভুল ভ্রান্তি সংশোধন করে কবুল করে নিন। আগামী রোজাগুলো সহি-শুদ্ধভাবে পালন করার তাওফীক দান করুন, আমীন।
e-mail : [email protected]
