রায়ের পর সারাদেশে জামায়াতের ভাংচুর

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৫২
জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের পর রাজধানীসহ সারাদেশে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার ধানমণ্ডিতে জামায়াত কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কমলাপুর এলাকায় গাড়ি ভাংচুর করেছে। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙা, কুমিল্লা, চাঁদপুর, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় জামায়াত কর্মীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে। হাইকোর্টে রায় ঘোষণার পর বিকাল তিনটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সায়েদাবাদের দিকে যেতে কমলাপুর সড়কে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয় বিভিন্ন গলিতে আশ্রয় নেয়। এসময় তারা ঐ রাস্তায় চলাচলকারী ৮ টি গাড়ি ভাংচুর করে। তারা রাস্তায় বোতল থেকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর ধানমণ্ডিতে জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকাল ৪ টার দিকে আবাহনী মাঠ সংলগ্ন পশ্চিম রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে ৪ জন যুবক রাস্তায় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাস্তায় থাকা পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধানমন্ডি থানার ডিউটি অফিসার এএসআই ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জামায়াত-শিবিরের কর্মীরাই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।