কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ‘প্রচেষ্টা’ কর্তৃক বাস্তবায়িত ‘প্রাক-শৈশব উন্নয়ন সহায়ক কর্মসূচি’ এর আওতায় বিভিন্ন চা বাগানের ১৭টি ইসিডি সেন্টারের ৩৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর এর সভাপতিত্বে ও প্রচেষ্টা’র টিম অর্গানাইজার বিজয় কুমার কৈরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক আলী নকী খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিতারাম বীন, মহিলা সদস্যা মেরী রায়, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মোনায়েম খান।
