স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে ফেবারিট হিসেবে জোরেসোরেই উচ্চারিত হচ্ছে ভারতের নাম। আর সবাই কম বেশি জাসপ্রিত বুমরাহর ভূয়সী প্রশংসা করছেন। তাদের দাবি, ইংলিশ কন্ডিশনে বুমরাহ বেশ কার্যকর হবেন।
তবে, প্রশংসার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন স্বয়ং শচিন টেন্ডুলকার। তিনি মনে করেন বর্তমান বিশ্বের সেরা বোলার হলেন এই বুমরাহ। তিনি বলেন, ‘রেকর্ডের দিকে যদি চোখ রাখি, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এ পর্যায়ে বুমরাহ বিশ্ব সেরা বোলার। তার সেরাটা এখনো বাকি আছে।’
বুমরাহকে সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে শচিনের। শচিন হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর। আর বুমরাহ খেলেছেন এই দলে। হায়দারাবাদে গেল ১২ মে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইর এক রানের জয় পাওয়া ম্যাচে ১৪ রানে ২ উইকেট শিকার করেন ২৫ বছর বয়সী বুমরাহ। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনে। এমন পারফরম্যান্সটা শচিনের কথাকেই সমর্থন করে।
গত ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ভারতের হয়ে ৪৯ ওয়ানডেতে ৮৫ উইকেট পান বুমরাহ। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা বুমরাহ বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চতুর্থ শিরোপা জিততে পারায় আমি অত্যন্ত খুশি। আশ্চর্যজনকভাবে আমি বেশ শান্ত ছিলাম। আমার মধ্যে কোনো প্রকার ভয় কাজ করেনি, দৃষ্টি ছিল কেবলমাত্র পরবর্তী বলটির প্রতি।’
আগামী ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ মিশন অবশ্য একটু পরে শুরু হবে। আগামী পাঁচ জুন ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
