প্রণব মুখার্জি গতবছর জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধির কাছ থেকে ৭৪টি উপহার সামগ্রী গ্রহণ করেছেন। তবে তিনি এর প্রতিদানে মাত্র তিনটি উপহার দিয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি হওয়ার পর প্রণব মুখার্জি খুব কমই বিদেশ সফরে গেছেন। ফলে তিনি বিদেশি বিভিন্ন রাষ্ট্রনায়কদের উপহারের প্রতিদানে উপহার দিতে পারেননি। গতবছর তিনি কেবল প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মরিশাস সফর করেন। তবে তার সঙ্গে বিশিষ্ট ৪০ বিদেশি ব্যক্তিত্ব ভারতে এসে সাক্ষাত্ করেন। প্রণব মুখার্জী সমপ্রতি রাষ্ট্রপতি ভবনে তার সাংবিধানিক পদে অভিষেকের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গত ফেব্রুয়ারিতে ভারত সফরকালে প্রণবকে ধাতব সিংহ উপহার দিয়েছিলেন। তবে উপহারের পরিবর্তে উপহার দেয়ার কোন ঐতিহ্য নেই। যদি থাকতো তাহলে ওলাঁদ ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে দেশটির জাতীয় পশু বাঘের ধাতব প্রতিকৃতি উপহার পেতে পারতেন।
চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং ভারত ঘুরে গেছেন গত মে মাসে। সাথে করে তিনি উপহার নিয়ে এসেছিলেন ছোট আকৃতির একটি রথের প্রতিকৃতি।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে ভারতের রাষ্ট্রপতিকে ৬৪ পিসের একটি চীনা ডিনার সেট উপহার দেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দেন চীনা মাটির বাসনপত্র। তবে প্রণব মুখার্জীর কাছ থেকে যে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপহার পেয়েছেন তাদের একজন হলেন বাংলাদেশের বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গত অক্টোবর ও নভেম্বরে ভারত সফরকালে খালেদাকে প্রণব মর্মর পাথরের অলংকৃত প্লে¬ট উপহার দেন।
