সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং মনে করেন ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য এটাই ইংল্যান্ডের সেরা সুযোগ। ওয়ানডের র্যাংকিংয়ে সবার উপরে থাকা ইংল্যান্ডেই আয়োজিত হচ্ছে এবারের আসর। দেশটি বিশ্বকাপে তিনবার রানার্স-আপ হলেও কখনো শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। এখন আবার বারবাডোসের অলরাউন্ডার জোফরা আর্চারকে প্রস্তুতি ম্যাচে দলভুক্ত করে বিজয়ী দলে পরিণত হয়েছে ইংল্যান্ড। গ্যাটিং দেখছেন দলে মেধাবীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেজন্যই তিনি মনে করেন ইয়ন মর্গানের বাহিনী ‘এ যাবত্কালের মধ্যে শক্তিশালী দল’। তাই নিজেদের মাটিতে বিশ্বকাপ হচ্ছে বলে সুযোগটা যেন তারা কাজে লাগায়। ১৯৮৭র ফাইনালে রিভার্সসুইপ মারতে গিয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলা গ্যাটিং অবশ্য স্বীকার করেছেন সাম্প্রতিক বছরগুলোয় ওয়ানডে ক্রিকেট অনেক বিকশিত হয়েছে। কাজেই কে যে শেষ হাসি হাসে বলা কঠিন।
