বৃষ্টির পর দিনাজপুরে আমন চাষের ধুম

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১২
গত দু’দিন ভারি বর্ষণের পর দিনাজপুরের মাঠে মাঠে আমন চাষের ধুম পড়েছে। অনাবৃষ্টির কারণে কৃষক শংকায় ছিল এবার বুঝি তাদের আর আমন চাষ হবে না। অবশেষে মাঝ বর্ষায় শ্রাবণের বৃষ্টির দেখা পেল কৃষকরা। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানান, বৃষ্টির আগ পর্যন্ত জেলায় ৫০ হাজার হেক্টর জমিতে আমন রোপণ হয়েছে। বৃষ্টি হওয়ার পর একদিনের মধ্যে আরো ৩০ হাজার হেক্টর জমিতে আমন রোপণ হয়েছে বলে জানান তিনি। মাঠের সেচ যন্ত্রগুলো বন্ধ হয়ে গেছে। বৃষ্টির অভাবে যখন চাষ ব্যাহত হচ্ছিল তখন কৃষি বিভাগ কৃষকদের সেচের মাধ্যমে আমন রোপণের পরামর্শ দিয়েছেন। কিন্তু এখন সে অবস্থা থেকে কৃষক ফিরে এসেছে। ক্ষেতে এখন কলের লাঙল সারাক্ষণ ব্যস্ত। একাধারে জমি চাষ হচ্ছে, পাশাপাশি রোপণের কাজও চলছে দিনভর। এ বছর ২ লাখ ৩৯ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ২শ’ ৭৬ টন। গত ১৬ জুলাই থেকে আমন রোপণ শুরু হয়েছে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।