রামগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংঘর্ষ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেতুড়ী বাজার বাদুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণের সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই ইউপি সদস্যসহ ৭ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করে আসছে। দুপুর বারোটার দিকে আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, কবির হোসেন ও মাসুদসহ ৮/১০ জনের গ্রুপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে ভিজিএফের চাল বিতরণে বাধা দেয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লকিয়ত উল্যাহ, ইউপি সদস্য রুহল আমিন ও ফজলুল হক, সাবেক ইউপি সদস্য রোকেয়া বেগম, চকিদার মোঃ সিরাজ উদ্দিন, মহারম আলীসহ ৭ জন আহত হয়েছে। আহতদেরকে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আখন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।