লোকটের দুর্দান্ত প্রত্যাবর্তন ফ্রাঙ্কলিনের চারে চার

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪০
ইতিহাসের মাত্র চতুর্থ সাঁতারু হিসেবে একই ইভেন্টে টানা তিনটি বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ের রেকর্ড গড়লেন আমেরিকার রায়ান লোকটে। বার্সেলোনায় চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে গত বৃহস্পতিবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতে এই বিরল রেকর্ডের অংশীদার হন লোকটে। এদিকে চতুর্থ স্বর্ণ জিতে বিশ্বচ্যাম্পিয়নশিপের এক আসরে সাত স্বর্ণ জয়ের রেকর্ডের দিকে এগিয়ে চলেছেন টিন এজ সুপারস্টার মিসি ফ্রাঙ্কলিন। সুইমিং পুলের বাইরে ক্যারিয়ার গড়তে ব্যস্ত লোকটে প্রায় এক বছরের বিরতিতে পুলে ফেরেন গত জুন মাসে। বিশ্বচ্যাম্পিয়নশিপের আমেরিকান ট্রায়ালের বৈতরণী পেরোতে পারলেও ১০০, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের সেই পুরনো লোকটেকে চেনাই যাচ্ছিল না। আর চেনা যাবেই বা কি করে? লন্ডন অলিম্পিকের পর গত এক বছর যে তিনি ব্যস্ত ছিলেন তার টিভি রিয়ালিটি শো ‘হোয়াট উড রায়ান লোকটে ডু’ নিয়ে। দীর্ঘদিনের আলস্য ঝেড়ে ফেলে আগামী সপ্তাহেই ২৯ এ পা দিতে যাওয়া এই তারকা বার্সেলোনায় আবারো পুলে ঝড় তুলতে পারবেন কিনা সে নিয়ে তাই সন্দিহান ছিলেন অনেকেই। টুর্নামেন্টে নিজের প্রথম ইভেন্ট ২০০ মিটার ফ্রিস্টাইলে লোকটে চতুর্থ স্থান লাভ করলে আরো জোরাল হয় সমালোচকদের গলা। তবে যাকে ভাবা হয় মাইকেল ফেলপসের উত্তরসূরী তিনি কিভাবে এত সহজে হার মানেন? নিজের প্রিয় ইভেন্ট পেয়ে আবারো তাই জ্বলে উঠলেন তিনি। শর্ট এবং লং দুই কোর্সেই এই ইভেন্টের বিশ্বরেকর্ডের মালিক এই আমেরিকান শুধু জিতলেনই না, মোক্ষম এক জবাব দিলেন সমালোচকদেরও। নতুন বিশ্বরেকর্ড না হলেও সর্বকালের অন্যতম সেরা মাঝারি পাল্লার এই সাঁতারু সময় নিলেন মাত্র এক মিনিট ৫৪.৯৮ সেকেন্ড। যা কিনা ২০১১ সালে গড়া তার বিশ্বরেকর্ড এক মিনিট ৫৪ সেকেন্ডের চেয়ে কিছু বেশি। বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজের ত্রয়োদশ স্বর্ণ এবং সবমিলিয়ে একবিংশতম পদক জয়ের পর লোকটে একহাত নিয়েছেন সমালোচকদেরও। তিনি বলেন, ‘আমি সেই ব্যক্তি যে কিনা কখনোই সাঁতরে ক্লান্ত হয় না। আমি সাঁতারটাকে আগের মতোই উপভোগ করছি। নিজেকে আমার সেই আগের মতোই মনে হচ্ছে।’ এনিয়ে টানা তিনটি বিশ্বচ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে স্বর্ণ জিতলেন লোকটে। লোকটের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন সর্বকালের সেরা অলিম্পিয়ান হিসেবে স্বীকৃত ফেলপস। তবে তাই বলে নিজেকে মোটেই ফেলপসের পাশাপাশি দাঁড় করাচ্ছেন না ১১টি অলিম্পিক পদকের মালিক লোকটে। তিনি বলেন, ‘যে অবিশ্বাস্য একটা ধারা ফেলপস সৃষ্টি করেছে জানি না নিজেকে আমি সেই স্থানে নিয়ে যেতে পারবো কিনা। এই খেলাটির জন্য সে যা করেছে তা শুধু আমরা শুনেই যেতে পারি। আমি শুধু নিজের দায়িত্বটুকু পালনের চেষ্টা করছি।’ এই জয়ের মধ্যদিয়ে তার ফিটনেস নিয়ে চলমান বিতর্কেরও জবাব দিলেন লোকটে। লন্ডন অলিম্পিকে ফেলপসের কাছেই ২০০ মিটার মিডলের স্বর্ণ হারানো লোকটের গলায় সবকিছু মিলিয়ে তাই সন্তুষ্টির সুর, ‘আমি যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম তাতে বলতেই হবে, এই জয়টা আমার জন্য সত্যিই দারুণ কিছু। বেশ সময় নেয়া এবং দেরিতে হলেও অনুশীলনে যোগ দেয়া। এসব কিছু বিবেচনা করে আমি নিজেকে খুশিই মনে করবো।’ এদিকে ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতে চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম চারটি ইভেন্টেই স্বর্ণ জিতলেন টিন এজ তারকা ফ্রাঙ্কলিনও। এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ২০০ মিটার ফ্রিস্টাইলেও স্বর্ণ জিতেছিলেন লন্ডন অলিম্পিক দিয়ে আলোচনায় আসা এই ১৮ বছর বয়সী। তবে মহিলা সাঁতারের সবচেয়ে বড় তারকার তকমা নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে আসা ফ্রাঙ্কলিনের আলো কিছুটা হলেও কেড়ে নিয়েছেন তার স্বদেশী তরুণী কেটি লিডেকি। মাত্র ১৬ বছর বয়সী এই তারকা এরই মধ্যে জিতে নিয়েছেন তিনটি স্বর্ণ। ৮০০ মিটারের পর রেকর্ড গড়ে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতা কেটি ফ্রাঙ্কলিনের সঙ্গেই সাঁতরেছেন ৪–২০০ মিটার ফ্রিস্টাইলে।