ভেস্তে গেল বিসিসিআইয়ের বৈঠক

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪০
বাতিল হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক। আজ গভার্নিং কাউন্সিলের বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়। নোটিসে ত্রুটি থাকার জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিল করে দেয় বোর্ড। নোটিসে জরুরি বৈঠকের কথাটি উল্লেখ ছিল না। গভর্নিং কাউন্সিলের বৈঠকে স্পট ফিক্সিং নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। আজ দিল্লিতে বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই বৈঠকে শ্রীনিবাসনের সভাপতিত্বকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই চরমে পৌঁছে যায়। বৃহস্পতিবার রাতেই দুই শিবির ছক ঠিক করতে আলাদা-আলাদা জায়গায় গোপন বৈঠকে করে। এন শ্রীনিবাসনকে কেন্দ্র করে দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক রীতিমত জমে উঠেছিল। শ্রীনিবাসন নিজে ঘোষণা করেন তিনি এই বৈঠকে সভাপতিত্ব করবেন। কিন্তু অনৈতিক উপায়ে তাকে সভাপতিত্ব করতে দিতে নারাজ বোর্ডে তার বিরোধী গোষ্ঠী। এ ব্যাপারে বেশ কয়েকজন শ্রীনিবাসের ঘনিষ্ঠ কর্তাও তার বিপক্ষে চলে গেছেন। তার উপর শরদ পাওয়ার ও শশাঙ্ক মনোহরের ইন্ধনে বিরোধীদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। আটটি ক্রিকেট অ্যাসোসিয়েশন শ্রীনিবাসনের বিপক্ষে। তার সঙ্গে জগমোহন ডালমিয়া, অনুরাগ ঠাকুর, অরুণ জেটলিরাও ভারতীয় ক্রিকেটকে পরিচ্ছন্ন করার স্বার্থে বিরোধীদের দিকেই পরোক্ষে হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে আরও বিপাকে পড়েছেন এন শ্রীনিবাসন। শ্রীনির বিরোধীরা ছক কষছেন, কিভাবে মুম্বাই হাইকোর্টের রিপোর্টকে হাতিয়ার করে শ্রীনিকে আটকানো যায়।