বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি বলেছেন, আগামী নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে ১৮ দল যাবে না। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। বৃহস্পতিবার হোমনার পাথালিয়াকান্দি মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমকে আনোয়ার বলেন, জনগণ আওয়ামী লীগকে সংবিধান সংশোধনের ম্যান্ডেট দেয়নি। সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে সংবিধান সংশোধন করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এসব সংশোধনী আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশে ইসলাম ধর্মের অবমাননা করা হয়। দলটির কাছে ইসলাম নিরাপদ নয়। তাই মাদ্রাসা শিক্ষাকে দুর্বল করতে আলেম ওলামাদেরকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হচ্ছে।
