নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে যশোরে ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার রামনগর কোল্ডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা খোজাউল আলমের স্ত্রী মর্জিনা (৪০) ও মৃত জোনাব আলীর স্ত্রী মোমেনা খাতুন (৮৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রামনগর কোল্ডস্টোরেজ এলাকায় নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজের জন্য বালি নিয়ে একটি ট্রাক ঘটনাস্থলে যায়। ট্রাকটি পার্কিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি দেয়ালে আঘাত করে। এতে দেয়ালটি ধসে পড়ে। এ সময় ওই দেয়ালের পেছনে পাশের বাড়ির ভাড়াটিয়া দুই নারী অবস্থান করছিলেন। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
