বেলকুচিতে হতদরিদ্র শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৩
বেলকুচিতে চলতি বছরের জানুয়ারী থেকে জুন মেয়াদের প্রথম কিস্তির উপবৃত্তির টাকা চাহিদার তুলনায় ২১ শতাংশ কম আসায় এ থেকে বঞ্চিত হয়েছে উপজেলার হতদরিদ্র শিক্ষার্থীরা। ফলে অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অন্যদিকে কম টাকা বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানগণ। বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন জানান, উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তির জন্য নির্ধারিত ৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৪০ লাখ ৫১ হাজার ৮শ টাকার চাহিদা পাঠানো হয়। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) থেকে প্রায় ২১ শতাংশ টাকা কমিয়ে বরাদ্দ দেয়া হয় ৩২ লাখ ৩৫ হাজার ৯শ ৮৩ টাকা। চাহিদার তুলনায় ৮ লাখ ১৬ হাজার ৮শ ১৭ টাকা বরাদ্দ কম দিয়ে বিতরণ সীমিত রাখতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের পাঠানো পত্রে শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় উপবৃত্তি বিতরণ করতে গিয়ে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়েছে উপজেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের। দরিদ্র এবং ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিভাবকগণকে কোনভাবেই বোঝানো যাচ্ছিল না যে টাকা কম এসেছে। তাদের অভিযোগ শিক্ষা অফিসার, ব্যাংক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের উপবৃত্তির টাকা কম দিয়েছেন।