মজুরি নিয়ে কথা বললেও পোশাকের দর নিয়ে নিরব

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪২

 

ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের শ্রম অধিকার বিষয়ক প্রতিবেদনের সঙ্গে দ্বিমত বিজিএমইএ’র

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে শ্রমিকের অধিকার ও মজুরি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম অধিকার ফোরাম ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম (ডব্লিওআরসি)। এতে শ্রমিকদের কম মজুরি, মজুরি নিয়ে আন্দোলনের কারণে মামলা, চাকরিচ্যুতি, ভয়-ভীতি দেখানোসহ বিভিন্ন অনিয়মের কথা উঠে আসে। ইস্যুটি নিয়ে গত কয়েকদিনে পর্যালোচনা করে প্রতিবেদনের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ভবিষ্যতে দুই একটি কারখানার তথ্যের উপর ভিত্তি করে কেউ যাতে পুরো গার্মেন্টস খাত নিয়ে একতরফা ও ঢালাও মন্তব্য না করে, সে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এ সময় বিজিএমইএ’র পক্ষ  থেকে বলা হয়, মজুরি নিয়ে কথা বললেও আন্তর্জাতিক বাজারে পোশাকের দর নিয়ে মৌন ভূমিকা পালন করা হয়। 

নিম্নতম মজুরি নিয়ে ডব্লিওআরসির প্রতিবেদনের বিষয়ে বলা হয়, বিশ্বব্যাপী ‘লিভিং ওয়েজ’ নিয়ে গ্রহণযোগ্য কোনো সংজ্ঞা নেই। মজুরি অপর্যাপ্ত বলা হলেও এর সঙ্গে সম্পৃক্ত অনেক বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। বিজিএমইএ’র ব্যাখ্যায় বলা হয়, মাত্রাতিরিক্ত মজুরি নির্ধারণ করা হলে, তা কর্মসংস্থানে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। শ্রম ইস্যুতে ডব্লিওআরসির সঙ্গে যে কোন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে বিজিএমইএ।