রাজশাহীতে অনুমোদনহীন সেমাই ও ময়দা উত্পাদন ও বাজারজাতকরণের অভিযোগে ‘নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের ব্যক্তি মালিকানাধীন বলে জানা গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বিএসটিআইয়ের উত্পাদন ও বাজারজাতকরণের অনুমোদন ছাড়াই ‘নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল’ কর্তৃপক্ষ তাদের উত্পাদিত বিভিন্ন পণ্য বাজারজাত করছিল। এর মধ্যে রয়েছে সচু লাচ্ছা সেমাই, মরিয়ম খিল সেমাই, ১ নম্বর ডলফিন স্পেশাল ময়দা ও লিচু মার্কা ময়দা। এগুলোর মধ্যে সচু লাচ্ছা সেমাইয়ের অনুমোদনের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়ে গেছে। বাকিগুলোর কখনো অনুমোদনই নেয়া হয়নি।
‘নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলের সিনিয়র ব্যবস্থাপক রোকনুজ্জামান খান অভিযোগের সত্যতা স্বীকার করেন অভিযানকারী দলের কাছে। তবে এমপি শাহরিয়ার আলম দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
