জামালপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দম্পতিসহ তিনজন নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:৩৯
জামালপুর পৌরশহরের চন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চলন্ত আন্তঃনগর তিস্তা ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চালক এবং এতে আরোহী দম্পতি নিহত হয়েছে। এই দম্পতির দুই শিশু কন্যা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জামালপুর পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা রেলক্রসিংয়ের গেট বেরিয়ার না থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার মাহমুদ আদবাড়িয়া এলাকার সরকারকাড়ি গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার পুত্র মাহাবুবুল আলম ডন তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য জামালপুর নিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল তাদের দুই কন্যা। সিএনজি অটোরিক্সাটি লেভেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মাহাবুবুল আলম ডন (৪৫), তার স্ত্রী জাহানারা আক্তার বিথী (৪০) ও সিএনজি চালক আব্দুর রাজ্জাক (৫৫) ঘটনাস্থলে মারা যান। মাহাবুবুলের দুই কন্যা মিমিয়া আক্তার (১১) ও জিমিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।