২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। সকাল ১০টায় সব শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরীক্ষার ফল ঘোষণার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। পরে সচিবালয়ে দুপুর ১ টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী ফল জানতে পারবে।
গত ১ এপ্রিল আটটি সাধারণ বোর্ডসহ দশটি শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য সংগঠনের হরতাল এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এবার ৪১টি বিষয়ের লিখিত পরীক্ষা পিছিয়ে পরীক্ষা শেষ হয় ৩ জুন।
এবার দেশের দুই হাজার ২৮৮ কেন্দে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।
ফল জানা যাবে মোবাইলে
বরাবরের মতোই যে কোন মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2013 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
ফল জানা যাবে ওয়েবসাইটে : ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়েও এইচএসসির ফল জানা যাবে। ঠিকানা: http://www.educationboardresults.gov.bd
