জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দলের সকল শাখার প্রতি আজকের ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিবন্ধন নিয়ে রায়ে জামায়াতের প্রতি সুবিচার করা হয়নি। আমরা আশা করি, সুুপ্রিম কোর্টে দায়ের করা আপিলে ন্যায় বিচার পাব। বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও সন্ত্রাসীরা গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জামায়াত-শিবিরের ২৫০ নেতা-কর্মীকে গুলি করে হত্যা করেছে।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার অহিংস রাজনীতিতে বিশ্বাস করে। কখনো সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সরকারের পাতা ফাঁদে পা না দিয়ে এখনো নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদ ও গণ-প্রতিরোধ গড়ে তুলছি।
