মাহে রমজান চলমান—প্রতিটি বাজার, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দেখা যাচ্ছে রঙিন কাপড়ে সাজিয়ে ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসছে স্থায়ী ও মৌসুমি দোকানিরা। যাদের হোটেল রয়েছে তারা হোটেলের সামনে ফুটপাত ধরে বসিয়েছে তাদের ইফতারের পসরা। মৌসুমি ব্যবসায়ীরাও রাস্তার ধারের ফাঁকা জায়গায় বিক্রি করছে ইফতার সামগ্রী। গাড়ি চলছে আর ধুলাবালি উড়ে এসে পড়ছে খাবারের ওপর। সেই ধুলার সঙ্গে মিশে আছে মানুষের মল, শিশা, নানা কেমিক্যাল—যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। হাতের কাছে পাওয়ায় সাধারণ মানুষ না বুঝেই কিনে নিচ্ছে সেইসব খাবার। সপরিবারে সেই খাবার খেয়ে হয়ে পড়ছে অসুস্থ। সারা দেশের চিত্র কমবেশি এমনটা হলেও খুলনাতে ভিন্ন দৃশ্য দেখা যায়। খুলনা সিটিতে কোনো ফুটপাতে ইফতারের দোকান নেই। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি ফুটপাত-রাস্তার পাশের ইফতার সামগ্রীর শুদ্ধতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
সাব্বির হোসেন, শ্রীপুর, গাজীপুর
