হলে বিদ্যুতের অপচয়

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪৬

কৃষিশিক্ষায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দেশের খাদ্য সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে ও দেশের খাদ্য চাহিদা নিশ্চিত করতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু এখানে শিক্ষার্থীদের নিয়ম-কানুনের কোনো বালাই নেই। হলে পানি, বিদ্যুত্ এসবকিছুর অপচয় কোনোভাবেই কমছে না। ক্লাস শেষে হলে এলে দেখা যায় বৈদ্যুতিক লাইট জ্বলছে, ফ্যান চলছে। বিদ্যুতের সম্পূর্ণ ব্যবহার করে দেশের প্রতিটি ঘরে বিদ্যুত্ সরবরাহ করা বর্তমান সরকারের বড় একটি চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের দ্বারা বিদ্যুত্ অপচয় হলে সাধারণ মানুষের কাছে এর চেয়ে ভালো আশা করা বেমানান। অপচয় কখনো স্বয়ংসম্পূর্ণতা বয়ে আনে না। তাই সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে বিদ্যুত্সহ সব ধরনের অপচয় থেকে বিরত থাকার জন্য সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

আতিকুর রহমান

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ