পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, শিল্পী, কণ্ঠশিল্পী, চিকিত্সক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী এবং ক্রিড়াবিদরা ইফতার মাহফিলে যোগ দেন। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ১৫ আগস্টের অন্যান্য শহীদ এবং স্বাধীনতা যুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি প্রফেসর মাহমুদ হাসান, এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন সভাপতি এ এফ এম বাহাউদ্দিন নাসিম, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী ইফতারে যোগ দেন। এছাড়াও ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, বিশিষ্ট সাংবাদিক রাহাত খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, সংবাদ সম্পাদক আলতামাস কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ ইফতারে যোগ দেন।