প্রধানমন্ত্রীর উদ্দেশে মুর্শেদ খান

জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩২
বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর সরকার জনগণকে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচিত মেয়রদের চোর বলেছেন। জনগণের সাথে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, ৯৬ সালে আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। এখন তত্ত্বাবধায়ককে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিতে বাধ্য করা হবে। তিনি গতকাল শনিবার তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য লোকজন এসে সমবেত হয়। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারমান আলহাজ্ব বদরুচ মেহের।