সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি আওরঙ্গসহ নিহত ৬

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৩
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল খানবাড়ির কাছে জিপ ও বাসের সংঘর্ষে শরীয়ত-পুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হেমায়েতউল্লাহ আওরঙ্গজেবসহ (৬০) চারজন ঘটনাস্থলে মারা যান এবং পরে পৌনে ৫টায় স্থানীয় ষোলঘর হাসপাতালে অহতাবস্থায় নূরুদ্দিন পেদা (৩৫) এবং রাত পৌনে ৮টায় ডা. নূরুজ্জামান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতাবস্থায় মারা যান। বাবু ও চালক জালাল গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। লৌহজং থানার ওসি জাকিউর রহমান জানান, মাওয়াগামী প্যারোডা জিপের সামনের বাম পাশের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে ঢাকাগামী যাত্রীবাহী গাংচিলের একটি বাসের সাথে সংঘর্ষ বেধে যায়। এতে প্যারোডা জিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতরা সকলেই জিপের আরোহী। অপর নিহতরা হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুন্সী জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের পূর্ব ডামুড্যার নেতা ও লাল চান হাওলাদারের পুত্র ইয়াছিন হালদার ও বাকিরা সবাই দলীয় নেতাকর্মী। ডামুড্যা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও আওরঙ্গের গাড়ির আগ্রবর্তী গাড়িতে থাকা ওয়াহেদুজ্জামন জানান, বেলা দুইটায় ঢাকার কাঁঠাল বাগানের বাড়ি থেকে পূর্ব ডামুড্যার বিএনপির ইফতার মাহফিলে যোগ দিতে তিনি তার জিপ নিয়ে বের হন। ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে যাবার পথে এ দুর্ঘটনার শিকার হন। এদিকে দুর্ঘটনার পর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে গাড়িটি সরানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও এএসপি সার্কেল কুতুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রীনগর থানায় ছুটে আসেন। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অনেকেই উপস্থিত ছিলেন। আওরঙ্গজেব ঢাকা থেকে নিজ এলাকা শরীয়তপুর ডামুড্যার দলীয় ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বাসের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রীদের তেমন কোন সমস্যা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে। এদিকে রাত ৭টা ৩৫ মিনিটের দিকে শ্রীনগর থানা থেকে আওরঙ্গজেবসহ ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আওরঙ্গ ১৯৯১ সালে শরিয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। দলের মনোনয়ন না পেয়ে ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু আওয়ামী লীগ প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।