রূপনগর লেক কি আদৌ হবে?

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪৭

ঢাকা শহরের অতিরিক্ত জনসংখ্যার পানির চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভস্থ পানি এত বেশি তোলা হচ্ছে যে, প্রতি বছর পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। ফলে মাটির নিচে ফাঁপা অবস্থা তৈরি হচ্ছে। এখন একটা আট মাত্রার ভূমিকম্প হলে যে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হবে তাতে কয়েক লাখ লোকের জীবনহানি ঘটবে। এখনো সময় আছে পরিবেশবিদদের দাবি মেনে ঢাকা শহরের জলাশয়গুলোকে খনন করে পানির স্তর ধরে রাখার ব্যবস্থা করা। দু’বছর আগে পত্রিকায় দেখেছিলাম মিরপুরের রূপনগর লেকটি হাতির ঝিলের মতো আধুনিক করার জন্য ৯৭০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি কি আদৌ বাস্তবায়ন হবে নাকি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আশা করি, রূপনগর লেক বাস্তবায়নের মাধ্যমে আগুন নেভানোর একটি অতিপ্রয়োজনীয় আধার তৈরি করার পাশাপাশি নগরের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. লিয়াকত আলী

রূপনগর আবাসিক এলাকা,

মিরপুর, ঢাকা ১২১৬