পত্রিকায় পাতা খুললেই প্রতিদিন যে সংবাদটি সবচেয়ে বেশি নজরে আসে সেটা হলো নারী নির্যাতন। বর্তমানে নারী নির্যাতন এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের আনাচেকানাচে ঘটছে নারী নির্যাতনের মতো ঘটনা। মানুষ শুধুমাত্র সেই ঘটনাগুলো সমপর্কে জানতে পারে যেগুলো নিয়ে পত্র-পত্রিকায় লেখা হয়ে থাকে। অথচ আরো হাজারো ঘটনা মানুষের অগোচরেই রয়ে যায়। নারীরা বাড়িতে, রাস্তায়, বাজারে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে এমনকি শিক্ষা-প্রতিষ্ঠানেও নির্যাতনের শিকার হচ্ছে। কোনো ক্ষেত্রেই যেন নারী নিরাপদ নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা, মিছিল ও মানব বন্ধন করলেও বন্ধ হচ্ছে না নারী নির্যাতন। তাই নারী নির্যাতন বন্ধে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তুহিন হোসাইন
আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
