কর্মক্ষেত্রে ঈদ

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৬
পেশাগত ঈদের দাওয়াত পাই — সাদিরা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১১ সাত বছর হলো সাদিরা পুলিশে যোগ দিয়েছেন। এই সাত বছরে একবারই মাত্র ঈদে বাড়িতে যেতে পেরেছেন তিনি। ২০০৯ সাল, সেবার ঈদটা তার জন্য অন্যরকম ছিল। কারণ সে বছরই মা মারা গিয়েছিলেন। সব ভাই-বোন মিলে অন্য রকম পরিবেশ। তারপর যতোই দিন যাচ্ছে পেশাগত দায়িত্ব বেড়েই চলেছে। বাড়ছে পরিবারের প্রতি দায়িত্ববোধ। এখন ঈদগুলো তার কর্মক্ষেত্রেই কাটে। শুরু থেকেই ডিবিতে পোস্টিং ছিল সাদিরার। প্রতিদিনের রুটিনমাফিক কাজ আর দায়িত্বের এই পোশাকের বাইরে ঈদের দিনটা একটা আনন্দঘন পরিবেশের অবতারণা হয়। ঈদের দিন সকালে গোসল সেরে চলে আসেন অফিসে। এরপর শুভেচ্ছা বিনিময় করেন সহকর্মীদের সাথে। কমিশনারের বাসায় দাওয়াত থাকে। পেশাগত ঈদের দাওয়াত। তার আবহটাও ভিন্ন। রাতে যখন পরিবারের সবার অপেক্ষার পালা শেষ করে বাড়িতে ফিরে সবার সাথে খেতে বসেন তখনই তার আসল ঈদের আনন্দ। নানা রকম গল্পে ফিরে আসে নানা সময়ের ঈদ। কাজের জন্য তেমন করে রান্না করা হয় না সাদিরার। আবার কাজের জন্যই ঈদের দিনে কঙ্গোতে তিনি রান্না করেছিলেন। কঙ্গো মিশনে থাকাকালীন ঈদের সকালটা সাদিরার খুব কাঁদতে ইচ্ছে হচ্ছিল। কারণ যতো কিছুই হোক না কেন ঈদ তো ঈদই। চারপাশটা খুব শান্ত ছিল। সাদিরা বলেন, সবাই মিলে আমরা ঈদের জামাতের ব্যবস্থা করি। সবার খাবারের আয়োজন করি। কঙ্গোর শিশু আর মানুষদের সাথে ভিন্নস্বাদের একটা ঈদ কাটাই সেবার। সাদিরা বলেন, আমি মনে করি আর যাই হোক ঈদের দিনটা সবারই উপভোগ করা উচিত। ০০০ ঈদের আনন্দ উপভোগ করুক সকলেই — রহিমা আক্তার লাকী সহকারী কমিশনার, ট্রাফিক, গুলশান জোন ডি.এম.পি চ্যালেঞ্জিং পেশায় থেকে পারিবারিক, সামাজিক, ধর্মীয় অনেক অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। তবে বছরে দুই ঈদের একটিতে ছুটি পান, তাও খুব কম সময়ের জন্য। যদি ঈদে ছুটি পান তবে শ্বশুর বাড়ি যাওয়া হয় ঈদের আগের রাতে। শ্বশুর বাড়িতে শাশুড়ি আছেন বলে রান্না করতে হয় না। তবে ঈদের দিন খাবার পরিবেশনসহ ঘরের অন্যান্য কাজ করেন। ঈদের দিন যদি অফিস থাকে তাহলে ভোর বেলা উঠে বাসায় ঈদের রান্না বা অন্যান্য কাজ করে তার পর অফিসে যান। যখন ঈদের ছুটি পাই না তখন আমার মা এসে থাকেন। একমাত্র মেয়ের সাড়ে তিন বছর বয়স অধরা জামান লিথি ও ব্যবসায়ী স্বামী আকতারুজ্জামান তাদের কোন অভিযোগ নেই ঈদের দিন বাসায় না থাকায়। ছোট্ট মেয়েটিও বুঝে গেছে মা চাকরি করছেন। লাকি জানান, এবার ঈদের ছুটি পাব কিনা জানি না এখনও। আবেদন করেছি কিন্তু এখনও জানতে পারিনি ছুটি পাব কিনা। তবে ছুটি পেলে আনন্দ, না পেলেও একধরনের আনন্দ। কারণ অফিসের ঈদও খুব আনন্দের হয়। নিজের ঘরের পরিবেশের মত অফিসে রান্নাসহ ঈদের অন্যান্য আয়োজন থাকে। তবে অফিসে ঈদের আনন্দের সাথে এধরনের দায়িত্ব থাকে ঈদের দিন। আর যেহেতু সেবার পেশায় এসেছি তাই সাধারণ মানুষের সেবায়, সাধারণ মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক এটা প্রত্যাশা করি এবং ঈদের দিন অফিস থাকলে সেই দিকে নজর রাখি। ঈদের দিন অফিসের বাইরে রাস্তায় যারা ডিউটিতে থাকেন তাদের সাথে দেখা করি ঘুরে ঘুরে এবং নিজের ডিউটি পালন করি। মাশরেখা জাহান