গত শনিবার সকালে বগুড়ার আদমদীঘিতে জমি মাপকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে বন্দুকের এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ায় পুলিশ বন্দুক ও লাইসেন্স জব্দ করেছে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, আদমদীঘির বশিকোড়া গ্রামের আব্দুল কাদের ও আমজাদ হোসেনের মধ্যে পৈত্রিক ১০ শতক বাড়ির জায়গা নিয়ে বেশ কিছু দিন যাবত্ মামলা চলছে।
গত শনিবার সকাল ৮টায় আমজাদ তার লোকজন ও আমিন নিয়ে ওই জমি মাপ দেয়ার জন্য আসেন। এ সময় আব্দুল কাদেরের সাথে আমজাদের লোকজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে আব্দুল কাদের তার লাইসেন্স করা বন্দুক দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আগতদের ছত্রভঙ্গ করে।
থানার ওসি তোজাম্মেল হক বলেন, উভয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বন্দুক ও লাইসেন্স জব্দ করা হয়েছে।
