মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু উদ্বোধনের অপেক্ষায়

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৪

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা দ্বিতীয় এবং দাউদকান্দিতে মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে শুধু বিদ্যুতায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ। সেতু দুটি উদ্বোধন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট অনেকাংশেই কমে যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু নির্মাণ করেছে যৌথভাবে জাপানের ওবায়েশী কর্পোরেশন, সিমিজু কর্পোরেশন ও জেএফই ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। সেতুগুলোর মূল কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন চলছে শুধু বৈদ্যুতিক খুঁটি বসানো এবং সৌন্দর্য বর্ধনের কাজ। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন চালু হলে কাঁচপুর, মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু এলাকার যানজট শুরু হয়। দ্বিতীয় সেতুগুলো নির্মাণ শুরু হলে যানজট আরও তীব্র আকার ধারণ করে এবং রোজার শুরুতে ঢাকা থেকে কুমিল্লা পৌঁছতে ৮/১০ ঘণ্টা সময় লেগে যায়। বর্তমানে এ মহাসড়ক দিয়ে দৈনিক প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে।

তিনি আরো বলেন, আগামী কয়েকদিন পর ঈদের আগে সেতু দুটি চালু হলে একদিকে যেমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন হবে অপরদিকে সময়ও বাঁচবে অনেক। যানজট না থাকলে কুমিল্লার মানুষজন গ্রামের বাড়ি থেকে গিয়ে ঢাকায় অফিস করতে পারবে বলে আশা করা যাচ্ছে।