বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদটি অবস্থিত। সাত গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নির্মাণের সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে প্রায় ৭‘শ বছর পূর্বে এই মসজিদটি নির্মিত হয়েছে বলে এলাকার প্রবীণ ব্যক্তিদের থেকে জানা গেছে। সেই সময় এই এলাকায় হযরত শাহ সুফী শাইখ ছতুরী নামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। দিল্লীর বাদশা আলাউদ্দীন হুসাইন শাহ ঐ বুজুর্গ ব্যক্তির মুরিদ ছিলেন। ঐ বুজুর্গ ব্যক্তির অনুরোধে বাদশা আলাউদ্দীন শাহ মসজিদটি নির্মাণ করেন। তবে এই মসজিদটি নিয়ে এলাকায় নানা ধরনের গুজব প্রচলিত আছে। আর তা হচ্ছে, মসজিদটি এক রাত্রে গায়েবীভাবে নির্মিত হয়েছে, এ মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়, মসজিদের ভিতরের চারটি পিলার বিভিন্ন সময় হাসিকান্না করে, মসজিদের নিকট সন্তান চাইলে নি:সন্তান দম্পতি সন্তান লাভ করে, মসজিদের ধূলি গায়ে মাখলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় ইত্যাদি।এ মসজিদটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানত নিয়ে আসেন বহু বিশ্বাসী নারী-পুরুষ। মানত দেয়া হয় নগদ টাকা, মুরগী, ছাগল এমনকি গরু পর্যন্ত। পূর্বে এ মসজিদ ঘিরে প্রতি বছর ১লা চৈত্র থেকে ১১ চৈত্র পর্যন্ত বাত্সরিক মেলা হতো। মেলায় অশ্লীল কর্মকান্ডের অভিযোগে এলাকার প্রভাবশালী ব্যক্তি খন্দকার নাসিরুল ইসলাম ১৯৮৯ সালে মেলা বন্ধ করে দেন। এ মসজিদটি এখন আর পুরনো অবয়বে নেই। মসজিদটিকে আধুনিকায়ন করা হয়েছে। নারী-পুরুষের জন্য আলাদা অজুর ব্যবস্থা থেকে শুরু করে উন্নয়নের সকল ছোঁয়াই লেগেছে এ মসজিদটিতে। বৃদ্ধি করা হয়েছে নামাজের জায়গা এবং মসজিদ মার্কেট।
