ফরিদপুরের দোয়ারী দেশের সবখানে

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০২
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দোয়ারী শিল্পের প্রসার দিন দিন বাড়ছে। কয়েক বছর আগেও উপজেলার গাজীরটেক ইউনিয়নের দোয়ারী পট্টিতে এ শিল্পের চাহিদার সীমাবদ্ধতা থাকলেও এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানকার তৈরি দোয়ারী এখন ঢাকা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে রফতানি হচ্ছে। উপজেলার অনেক পরিবারের সদস্যরা ঘরে বসে বাঁশ-বেত দিয়ে দোয়ারী তৈরি করে সচ্ছলতা এনেছে বলে জানা গেছে। প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পদ্মায় জোয়ার এলে এ শিল্পের কদর বাড়ে। তাই চলতি মৌসুমে উপজেলার তৈরিকারকদের চোখে ঘুম নেই। বাঁশ কাটা, বাঁশ কেনা আর রাতদিন করে দোয়ারী তৈরি করে বিভিন্ন জেলায় রফতানি করাই এ শিল্পকর্মীদের নেশা হয়ে দাঁড়িয়েছে।জানা যায়, উপজেলা গাজীরটেক ইউনিয়নের দোয়ারীপট্টি গ্রাম, চরঅযোধ্যা, বাঞ্ছারাম বিশ্বাসের ডাঙ্গী, ঢালার পাড়, চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী, ইন্তজ মোল্যার ডাঙ্গী, আমিন খার ডাঙ্গী, চরসালেপুর গ্রাম ও সদর ইউনিয়নের করিম মৃধার ডাঙ্গী, টিলারচর, জাকেরের সুরাসহ বিভিন্ন গ্রামের প্রায় ২শ’ পরিবার দোয়ারী তৈরির কাজে ব্যস্ত রয়েছে। তারা রাত-দিন ভরে বাঁশ-বেত কাটা ও দোয়ারী বুননের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করছে।দোয়ারী পট্টির রহিম শেখ(৫৮) জানায়, বড় একটি বাঁশ দিয়ে চারটি দোয়ারী তৈরি করা যায়। প্রতিটি দোয়ারী দেড়শ’ থেকে ২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। জাকেরের সুরা গ্রামের জব্বার মিয়া (৪৫) জানায়, চরহাজীগঞ্জ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে বেপারীরা এসে দোয়ারী কিনে নেয়।