বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে এক মত্স্য চাষির মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত মত্স্য চাষি মো. দিদারুল ইসলাম।
মত্স্য চাষি মো. দিদারুল ইসলাম বলেন, আমি ক্ষুদ্র মত্স্য চাষি। স্থানীয় আমিন শরীফ, বেলাল ও গুরাবাশি নামের ৩ ব্যক্তির কাছ থেকে ১৬০ শতক সীমানাযুক্ত পুকুর বর্গা নিয়ে আমি মাছ চাষ করে আসছিলাম। গতকাল ভোর ৫টা থেকে ৬টা মধ্যে কোনো এক সময় কেউ পুকুরে বিষ ঢেলে দেয়। আমি সকাল ৭টায় পুকুরে গিয়ে দেখি কাতল, মৃগেল, রুই, পাঙ্গাস, নাইলনটিকাসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। দুপুর হতে না হতে পুকুরের ৩ লাখ টাকার মাছ মরে সব শেষ।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ জোরালোভাবে তদন্ত করছে। কারা পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে তাদের অবশ্যই শাস্তি হবে।
