বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অবসায়িত প্রতিষ্ঠান গাজীপুরের কালীগঞ্জের মসলিন কটন মিল বেসরকারি ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে। উত্পাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস বিদ্যুত্ পাওয়া গেলে ডিসেম্বরের আগেই মিলটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার মিলটি আনুষ্ঠানিকভাবে ক্রেতা প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টেস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে রিফাত গার্মেন্টেসের এমডি এফবিসিসিআইর সাবেক সভাপতি একে আজাদের কাছে মিলের মালিকানার দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাট মন্ত্রণালয়ের উপসচিব সাইফুদ্দিন আহম্মদ মজুমদার, স্থানীয় উপজেলা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম প্রমুখ। পাট ও বস্ত্র সচিব আশরাফুল মকবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
২৪০ বিঘা জমির ওপর ১৯৫৮ সালে নির্মিত মসলিন কটন মিল ১৯৯৪ সালে পর থেকে বন্ধ রয়েছে। তুলা থেকে সুতা এবং কাপড় উত্পদান এবং স্বয়ংক্রিয়ভাবে ডায়িং হতো মিলটিতে। ২ হাজার ৮৮৫ জন শ্রমিক এখানে কাজ করতেন। মিলটির নতুন মালিক পক্ষ এটি দ্রুত চালু করতে সরকারের কাছে বিদ্যুত্ ও গ্যাস সুবিধা চেয়েছেন।
