কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
লাউয়াছড়া বনাঞ্চল ঘেঁষে মোবাইল টাওয়ার নির্মাণ ও নুসরাত জাহান রাফি হত্যাসহ সকল নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন অংশ নেয়। উপজেলা সুজন সভাপতি শক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও রাসেল হাসান বক্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা সুজনের সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা উদীচীর সহ-সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লাউয়াছড়া এলাকায় মোবাইল টাওয়ার বসানো হলে এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এছাড়া মানববন্ধনে বক্তারা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা, নার্স শাহিনুর আক্তার ধর্ষণ ও হত্যাসহ সকল নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
