চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকায় রাস্তার উপর অবৈধভাবে দোকান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টির মত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তার উপর দোকানের অংশ বর্ধিত করায় বাংলাবাজার এলাকার ২৮টি দোকানের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।
কারাবন্দিদের জন্য সিলিং ফ্যান ও টিভি প্রদান
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের জীবনমান উন্নয়নে কারাবন্দি পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ৫০০টি সিলিং ফ্যান এবং ৫০টি এলইডি টেলিভিশন প্রদান করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারে এসব বিদ্যুত্ সামগ্রী কারাবন্দিদের হাতে তুলে দেন।
