টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শেষ হচ্ছে আজ

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:০০
রমজানে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আজ সোমবার শেষ হচ্ছে। বাজারে বিভিন্ন নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রমজানের শুরু থেকেই সারাদেশে ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে সরকারের এই সংস্থাটি। তবে বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বরাদ্দের প্রতিবাদে গত ২২ জুলাই থেকে এক সপ্তাহ পণ্য বিক্রি বন্ধ রাখে ডিলাররা। এতে ভোগান্তিতে পড়েন স্বল্প আয়ের মানুষ। এদিকে পণ্য বিক্রি কার্যক্রমের শেষ পর্যায়ে এসে টিসিবি চিনি ও ছোলার দাম কমিয়েছে। চিনি প্রতি কেজিতে ১ টাকা কমে ৪৩ টাকা ও ছোলা ৪ টাকা কমে বর্তমানে ৫২ টাকা বিক্রি করা হচ্ছে। তবে আগের দরেই সয়াবিন ১২১ টাকা লিটার ও ডাল ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ গতকাল ইত্তেফাককে বলেন, আরো আগে কমালে স্বল্প আয়ের মানুষের উপকার হতো। কেননা, আগামীকালই (আজ) টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শেষ হচ্ছে ।