হাটহাজারীতে নকল চা পাতাসহ ২২ রকমের পণ্য জব্দ

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৬

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল চা পাতাসহ বিভিন্ন কোম্পানির নকল লোগো লাগানো বিপুল পরিমাণের পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রী শ্রী ব্রজধাম মন্দিরের উত্তরে বালুরটাল নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, ছোট্ট একটা ঘরে দেশি-বিদেশি আইটেমের পণ্য উত্পাদন ও প্যাকেজিং করা হচ্ছে এমন খবর পেয়ে আদালত অভিযান চালিয়ে নকল জয়া রাঁধুনি সরিষার তেল, হালিম, পায়েস, সিলন চা পাতার লোগো নকল করা শেভরণ চা পাতা, মির্জাপুর চা পাতার নকল করা মিয়াজীপুর চা পাতা, ওয়ান স্টার চা পাতা, নকল জেম ও নিমের দাঁতের মাজন, ব্ল্যাক টাইগার শ্রীমপ মরিচের গুড়া, ক্রাউন ফার্ম কোম্পানির নামে ফ্রেস ওয়াটার কিং প্রাউন্স মসলার গুড়া, আনডু কোম্পানির নকল গুড়া মসলা ও মরিচ, বিভিন্ন কোম্পানির নকল স্টিকার দিয়ে সুপার স্টার কোম্পানির বাল্ব, নুডল্স, বাঘা বাড়ির ঘি, অলটাইম কলম, টাকীয়া ট্যাংসহ ২২ প্রকার আইটেমের নকল পণ্য জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।