লাকসামে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত এক আহত চার

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৬

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার পৈশাগী গ্রামের পশ্চিমপাড়ার মাহবুবুল হক (৫০) এবং ইয়াকুব মিয়ার (৭০) পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার বিকালে মাহবুবুল হকের ঘরের পাশ দিয়ে ইয়াকুব মিয়ার ছেলে শহিদ মিয়ার গোয়াল ঘরের বর্জ্য বের হওয়া নিয়ে উভয় পরিবারের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতি পক্ষের হামলায় মাহবুবুল হক, তার চাচা সিরাজুল ইসলাম (৫৫), ভাই শেখ ফরিদ (৪০), বিল­াল হোসেন (৪৫) ও তার স্ত্রী সুমি বেগম গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিত্সকরা মাহবুবুল হককে  গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাতেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ পুলিশ হেফাজতে এনে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।