গোপালগঞ্জের মুকসুদপুরের খানপুরা রেজি: প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ৬৫নং খানপুরা রেজি: প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপবৃত্তির ৮১ হাজার ৪’শ টাকা উত্তোলন করে শিক্ষার্থী প্রতি ৬’শ টাকার স্থলে ৫’শ টাকা করে বিতরণ করেন। এর আগে টাকা তুলতে মাস্টার রোল স্বাক্ষর করাতে ১০ টাকা করে নেয়া হয়েছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১’শ ৩৮ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত ৮১ হাজার ৪’শ টাকা তুলে ১৪ জুলাই রবিবার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে উপস্থিত না রেখে ওই অর্থ বিতরণ করা হয়েছে।
উপবৃত্তির টাকা কম দেয়া হয়েছে জানতে পেরে অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ওলিউজ্জানের কাছে জানতে চাইলে তিনি ২৫-৩০ জন শিক্ষার্থীর অভিভাবককে টাকা ফেরত দেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে আলাপ করলে উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম বিষয়ে তারা সত্যতা স্বীকার করেন।
প্রধান শিক্ষক ওলিউজ্জমানের সঙ্গে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অনেককে টাকা ফেরত দেয়া হয়েছে, বাকিদেরকেও দেয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের কাছে উপবৃত্তি বিতরণ বিষয় জানতে চাইলে তিনি জানান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে উপস্থিত রেখে উপবৃত্তির টাকা ব্যাংক অথবা বিদ্যালয়ে বিতরণ করার নিয়ম রয়েছে।
