রংপুর-বগুড়া মহাসড়ক ঘাটে ঘাটে চাঁদাবাজি

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:৩১
ঈদকে সামনে রেখে রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকিয়ে অবাধে চাঁদাবাজি চলছে। একশ্রেণীর পরিবহন শ্রমিক ও এলাকার সন্ত্রাসীরা এ চাঁদাবাজির সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তারা গত দশদিন ধরে চাঁদা আদায়ের কাজে নেমে ইতিমধ্যে লাখ লাখ টাকা আদায় করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুরের ধাপেরহাট, পলাশবাড়ির উপজেলা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলা সদরে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে এ চাঁদাবাজি চলছে। চাঁদাবাজরা লাঠি হাতে যানবাহন বিশেষ করে মালবোঝাই ট্রাক আটকিয়ে ড্রাইভারদের কাছে ২০ থেকে ৫০ টাকা হারে এই চাঁদা আদায় করছে। এর উপর রয়েছে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীবাহী গাড়ির কাছ থেকে নানা রেটে অতিরিক্ত ‘চুঙ্গি’ আদায়। গত সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় মহাসড়কে চাঁদাবাজির বিষয়টি গুরুত্ব পায়। সভায় অবিলম্বে চাঁদাবাজি বন্ধে পুলিশ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়। গোবিন্দগঞ্জ পৌর কর্তৃপক্ষের নামে টোল আদায় অভিযোগের ব্যাপারে মেয়র আতাউর রহমান সরকার জানান, ম্যানুয়াল অনুযায়ী টোল আদায়ের বিধান রয়েছে। তবে চাঁদা আদায়ের অভিযোগ ওঠায় তা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজি ও অবৈধ টোল আদায়ের অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করে দেয়া হয়েছে।