আবারো চট্টগ্রাম বিমান বন্দরে গতকাল রবিবার স্বর্ণের চালান ধরা পড়েছে। দুবাই থেকে আসা একটি বিমানের ২ যাত্রীর শরীর তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। উদ্ধার করা এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আটককৃতরা হচ্ছেন-চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামের রাশেদুল ও পশ্চিম গুজরা গ্রামের মো. ইকবাল। তারা ২ জনই দুবাই প্রবাসী।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পাল ইত্তেফাককে বলেন, আটক স্বর্ণের চালানে রয়েছে প্রতিটি ১০ তোল?া ওজনের ৫৩টি স্বর্ণের বার। স্বর্ণের বার উদ্ধারের পর ২ যাত্রীকে আটক করা হয়েছে। তাদের পরে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, চোরাচালানির হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। ইকবাল ও রাশেদুল স্বর্ণের বারগুলো বহন করছিল। উল্লেখ্য, গত ২ সপ্তাহ আগেও দুবাই থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
