চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:৪৪
সারাদেশে সড়ক দুর্ঘটনায় গতকাল রবিবার নয় জন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছে। ইত্তেফাকের সংবাদদাতারা এ খবর নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন, পৃথক সড়ক দুর্ঘটনায় জেলায় ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাজিপুর উপজেলার দুবলাই নামক স্থানে একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মোকতের হোসেন (৩১) নিহত এবং ১৫ জন আহত হয়। অপরদিকে যাত্রীবাহী একটি কোচ ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেট কারটির যাত্রী ইমদাদুল রহমান (৭৫) নিহত হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি-বৌসহ তিনজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। গতকাল কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের কানাইডাঙ্গা বয়রার মোড় নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের কানাইডাঙ্গা বয়রার মোড়ে নসিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উপজেলার মুন্সিপুর গ্রামের ছালে বেগম (৫০), মানজেদা (২৫) এবং অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল টাঙ্গাইল সদর উপজেলার চৌরাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে একই উপজেলার মাকোরকোল গ্রামের মির্জানুর রহমানের পুত্র মুন্না (১২) ও মনিরুল (১৪)। টাঙ্গাইল মডেল থানার ওসি জানান, তারা সাইকেলযোগে মাহমুদনগর গ্রামে নানার বাড়ির যাওয়ার পথে টাঙ্গাইল শহরগামী মাল বোঝাই ট্রাক তাদের ধাক্কা দিলে উভয়েই রাস্তায় পড়ে যায় এবং ট্রাক তাদের উপর দিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, জেলায় নছিমনের ধাক্কায় জহুরা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গত শুক্রবার মহানগরীর মাহিগঞ্জ ডিমলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।